পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ সেপ্টেম্বর: দু’হাজার টাকার প্রলোভনে পা দিয়ে ব্যাঙ্ক জালিয়াতি ও প্রতারণার শিকার হলেন হিলির ভ্যানচালক। নিজের আধার কার্ড ও প্যান কার্ড অন্যের হাতে দিয়েই এই বিপদে জড়ান তিওড়ের বাসিন্দা পেশায় ভ্যান চালক দিলীপ মালী। ইতিমধ্যেই দিল্লি পুলিশ হানা দিয়েছে ওই ব্যক্তির বাড়িতে।
এদিকে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে থানা থেকে সাইবার ক্রাইম থানা ও জেলা পুলিশ সুপারের অফিসে হন্যে হয়ে ঘুরছেন দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড় মালিপাড়ার বাসিন্দা পেশায় ভ্যান চালক ওই যুবক। যা নিয়ে শনিবার পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন দিলীপ। তার অভিযোগ, পার্শ্ববর্তী ত্রিমোহিনী ডাঙ্গাপাড়ার বাসিন্দা খোকন মালী ও তার মা মাধবী মালীই এই ঘটনার মূল চক্রী।
জানা যায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে ঘটনার মূল অভিযুক্ত খোকন মালী দিলীপ মালীর স্ত্রীকে জানায় মোবাইল সিমের অফার চলছে। শুধু তাই নয়, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করলেই পাওয়া যাবে ২০০০ টাকা এমনটাও জানানো হয়। দু’হাজার টাকার সেই লোভে পড়েই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হবে ভেবেই অভিযুক্তদের সাথে স্থানীয় ব্যাঙ্কে গিয়ে প্যান ও আধার লিঙ্ক করেন। অভিযোগ, এরপরেই মোবাইলের ভিডিও কলে এক হিন্দিভাষী ব্যক্তির সঙ্গে দিলীপ মালীকে কথা বলিয়ে দেন অভিযুক্ত খোকন মালী ও তার মা। এরপর ২০০০ টাকা পেয়ে খুশি মনে বাড়িতেও চলে আসেন তারা। এরপর বেশকিছুদিন বিষয়টি নিয়ে সেভাবে কোনো কিছু না হলেও হঠাৎ করেই দিলীপ মালীর খোঁজে দিল্লি থেকে পুলিশ আসে। তারা জানতে পারেন তার নামে কলকাতায় একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে দিল্লির এক ব্যবসায়ীর সাথে আর্থিক প্রতারণা করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার যে আর্থিক প্রতারণার দায় এসে পড়েছে সীমান্তের প্রত্যন্ত এলাকার বাসিন্দা দিলীপ মালীর ওপরে। যে ঘটনা জানতেই কোনো কূলকিনারা না পেয়ে ভ্যান চালক দিলীপ মালী হিলি থানায় অভিযোগ জানাতে গেলে, সেখান থেকে তাদের বালুরঘাট সাইবার ক্রাইম থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। দিলীপবাবু জানান, যেহেতু দিল্লি পুলিশ মামলা শুরু করেছে, তাদের সেখানেই যেতে হবে। সাইবার ক্রাইম থানাও কোনো অভিযোগ নেয়নি। উপাই না পেয়ে এদিন জেলা পুলিশ সুপারের দপ্তরে একটি অভিযোগ জমা করেন দিলীপ মালী।
দিলীপ মালীর আত্মীয় কমল মালী জানান, দিলীপ সাধারণ খেটে খাওয়া মানুষ। সে প্রতারকদের ফাঁদে পড়েছে।
দিলীপ মালী বলেন, আমি কোনো দিন কলকাতায় যাইনি। কলকাতার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবো কি করে? সিম কার্ডের অফারে ২০০০ টাকা পাওয়া যাবে বলে খোকন মালী আমাদের আঁধার ও প্যান কার্ড নেয়। এরপর এক ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলায়। এখন দিল্লি থেকে পুলিশ আসায়, জানতে পারি আমার নামে কলকাতায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা করা হয়েছে। এই বিষয়ে আমি বাঁচতে চাই। বাঁচার আর্জি নিয়ে হিলি থানা, সাইবার ক্রাইম থানায় যাই। সেখানে অভিযোগ না নেওয়ায় আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি।
দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখবো।

