সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারি: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এক পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জয়পুরে। এই ঘটনায় স্থানীয় অধিবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্ষিপ্ত জনতা জয়পুর হাসপাতাল ও জয়পুর- আরামবাগ দু- নম্বর রাজ্য সড়ক অবরোধ করলে উত্তেজনায় উতপ্ত হয়ে ওঠে এলাকা। সেই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে সর্বত্র। এলাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে খবর ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসে উঠে যায় সেই অবরোধ।
স্থানীয়দের দাবি, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে বাইকে করে বিক্রমপুর গ্রাম থেকে জয়পুর উচ্চ বিদ্যালয় আসছিলেন ওই যুবক পরীক্ষার্থী। সেই সময় প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমাথা মোড়ে ইলেকট্রিকের পোলবহনকারী একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি তাদের ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পরীক্ষার্থীর। মৃত পরীক্ষার্থীর নাম জুয়েল শেখ (১৮)। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় জয়পুর। পরে জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি আয়ত্বে আনে।

