হাইভোল্টেজ ভবানীপুর উপনির্বাচনের গণনা কেন্দ্র নিশ্চিদ্র নিরাপত্তা জালে

রাজেন রায়, কলকাতা, ২ অক্টোবর: রবিবার ভবানীপুর উপনির্বাচনের গণনা। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশকে মাথায় রেখে ভবানীপুর উপনির্বাচনের যে গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলে যে গণনা হবে, সেই কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হল। একই সঙ্গে গণনাকেন্দ্রের আশেপাশে যাতে কোনওরকম জমায়েত বা বিজয় উল্লাস না হয়, সেই বিষয়টির দিকেও নজর রাখতে বলা হয়েছে। এই মর্মে কলকাতা পুলিশের তরফের জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি।

রবিবার ভোর পাঁচটা থেকে, অর্থাৎ গণনা শুরু হওয়ার আগে এই ১৪৪ ধারা জারি হবে। গণনাপর্ব সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। একই সঙ্গে জমায়েত নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, কোনও ভাবেই গণনাকেন্দ্রের চৌহদ্দিতে ভিড় করা যাবে না। যেহেতু ১৪৪ ধারা বলবৎ থাকবে, তাই কোনও ভাবেই সেখানে পাঁচজনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। একই সঙ্গে বাজি নিয়ে বিজয়োল্লাস কিংবা আবির ওড়ানো চলবে না।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতায় ন’টি থানা রয়েছে। প্রত্যেকটি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক যাঁরা রয়েছেন, তাঁদেরও বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নিজ নিজ এলাকায় নজর রাখতে বলা হয়েছে। অর্থাৎ গণনার দিন যাতে কোনও ভাবে কোনও হিংসা বা বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়।

যে ঘরের ভিতর ইভিএম, ভিভিপ্যাট থাকছে, সেই ঘরের দায়িত্বে রয়েছে তিন সেকশন কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে স্ট্রং রুমের বাইরের গেট ও আশেপাশে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। ১৬ জনের দলে একজন করে ইন্সপেক্টর ও এসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন। এ ছাড়াও প্রত্যেক থানাকে বলা হয়েছে স্ট্রং রুমের বাইরে অনবরত টহলদারি দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *