রাজেন রায়, কলকাতা, ৭ ডিসেম্বর: নিয়োগ নিয়ে দুর্নীতি সংক্রান্ত প্রশ্নে ফের অস্বস্তিতে পড়ল স্কুল সার্ভিস কমিশন। এবার অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল এসএসসির বিরুদ্ধে। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া প্রায় ৩০০ জন মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
তাদের অভিযোগ, অলচিকি ভাষার শিক্ষক নিয়োগের জন্য ২০২০ ডিসেম্বরে বিজ্ঞপ্তি জারি হয় তারপর পরীক্ষা নেওয়া হয়। ৪৬৫ শূন্যপদ ছিল। কিন্তু তাড়াহুড়ো করে নিয়োগ প্রক্রিয়া করতে গিয়ে নম্বর বিভাজন সহ অনেক বিষয় স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন।
মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, প্যানেল আইন মেনে তৈরি করা হয়নি যারা চাকরি পেয়েছেন যাদের বাতিল করা হয়েছে তাদের নম্বরের বিভাজন কমিশন
কোনওভাবেই উল্লেখ করেনি। আগামীকাল আদালতের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সচিবকে এই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।

