আমাদের ভারত, ২৪ আগস্ট: বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে রাজ্য সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেন সময়মতো হলফনামা দেওয়া হল না সে প্রশ্নও তোলা হয়েছে।
বাস ভাড়া বৃদ্ধি নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওঠে। সেখানে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। মিনিবাস ও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আদালত হলফনামা চাওয়ার পরেও কেন সময়মত সেটা দিতে পারলো না পরিবহন দপ্তর? তাহলে কি সরকারের কাছে পর্যাপ্ত তথ্য নেই? এমনই একাধিক প্রশ্ন তুলেছে আদালত। এরপর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রাজ্য সরকারকে।
মূলত তিনটি বিষয়ে রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্ট। ভাড়ার তালিকা সব বাসে লাগানো হয়েছে কিনা? সরকারের বেঁধে দেওয়া বা নির্ধারিত ভাড়া বেসরকারি বাস গুলি নিচ্ছে কিনা? কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা? তা নিশ্চিত করে জানাতে বলা হয়েছিল। এছাড়াও যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছিল।
কিন্তু আদালতের নির্ধারিত সময়ের মধ্যে তা কোনোটাই জানায়নি রাজ্য সরকার। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ মোটর ভেহিকেল আইন অনুযায়ী, যাত্রীদের অভিযোগ নেওয়ার কথা বলা হলেও বেশিরভাগ বাসেই কমপ্লেন বুক বলে কিছুই থাকে না।

