আদালত অবমাননার অভিযোগে মুখ্যসচিব, অর্থ সচিব ও পরিবহণ সচিবের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

আমাদের ভারত, ২৯ এপ্রিল: রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী অর্থসচিব মনোজ পান্থ এবং পরিবহন দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহার বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি মামলায় আদালত অবমাননার দায়ে এই রুল জারি করা হয়েছে। ২০ মে আদালতে তাদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন তাদের জানাতে হবে কেন তারা আদালতের নির্দেশ মানেনি?

পরিবহন নিগমের অবসরপ্রাপ্ত কর্মী সনৎ কুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন প্রকল্প চালু করার আবেদন করে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন। সেই মামলার শুনানিতে গত বছর সেপ্টেম্বরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব, পরিবহন দপ্তরের প্রধান সচিব এবং অর্থ সচিব আলোচনা করে এক্ষেত্রে কী প্রকল্প করা যায় সেটি নির্ধারণ করবেন।

কিন্তু সেই নির্দেশের আট মাস সময় কেটে গেলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ফলে শুক্রবার মামলাটি আদালতে উঠলে ওই তিনজনের বিরুদ্ধে রুল জারি করার নির্দেশ দেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়।

মামলাকারীর আইনজীবী সমীরণ মণ্ডল বলেন, রাজ্যে যেসব পরিবহন নিগম রয়েছে একমাত্র দক্ষিণবঙ্গ পরিবহন নিগম ছাড়া বাকি পরিবহন নিগমের কর্মীরা পেনশনের আওতায় আছেন। গত বছরের ১৩ সেপ্টেম্বর বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে চার সপ্তাহের মধ্যে এই বিষয়টি নির্ধারণ যেনো করা হয়। কিন্তু সেই নির্দেশের পর চার মাস সময় পেরিয়ে যাওয়ার পরে আমরা আদালত অবমাননার মামলা করা হয়। এর আগেও দুদিন এই মামলার শুনানি হয়েছে তারপর নোটিশ করতে বলা হয়েছিল।

মুখ্য সচিব, অর্থসচিব এবং পরিবহন দপ্তরের প্রধান সচিবের কেউই শুক্রবার আদালতে হাজির হননি ফলে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত। একুশে এপ্রিল আরো একটি মামলায় আদালত অবমাননার দায়ে মুখ্যসচিব অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করেছিল হাইকোর্ট। ২০১৮ সালে মুকুন্দপুর নোবেল মিশন স্কুলকে সরকারি তকমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ চার বছরেও মানা হয়নি বলে অভিযোগ। বিচারপতি শেখ শরাফের একক বেঞ্চ এই নির্দেশ ৪ বছরেও কেন মানা হয়নি তার জবাব তলব করা হয়েছে। ১৭ মে ওই মামলার শুনানি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *