আমাদের ভারত, ৯ জুন: বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এতদিন পর্যন্ত এই মামলার তদন্তভার ছিল সিআইডির ওপরে। দুটো চার্জশিট জমা পড়েছে এই মামলায়। প্রথম চার্জশিট জমার ২৬ দিনের মাথায় দ্বিতীয় চার্জশিট জমা পরে। সেই চার্জশিটে বাদ পড়ে যায় বেশ কিছু তৃণমূল নেতার নাম। প্রথম চার্জশিটে মন্ত্রী অরূপ রায়ের নাম থাকলেও দ্বিতীয় চার্জশিটে কেন তার নাম বাদ পড়ল প্রশ্ন তুলেছেন বিচারপতি।
বৃহস্পতিবার শুনানিতে বিচারপতির রাজ শেখর মান্থা জানিয়েছেন, তপন দত্ত হত্যা মামলার তদন্ত শুরু করতে পারে সিবিআই। একই সঙ্গে তপন দত্ত মামলায় বিচার প্রক্রিয়াও এবার থেকে সংগঠিত হবে সিবিআই আদালতে। ২০১১ সালের ৬ মে বালিতে খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। ঘটনার এক দশক পর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১১ সালের ৩১ আগস্ট খুনের মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিআইডি। প্রথম চার্জশিটে মন্ত্রী অরূপ রায় সহ সুভাষ ভৌমিক, রমেশ মাহাতো, কার্তিক দাস, ষষ্ঠী গায়েন এবং অসিত গায়েনের নাম ছিল। প্রথম চার্জশিট পেশের ২৬ দিনের মাথায় অর্থাৎ ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় চার্জশিট পেশ করে সিবিআই।
অভিযোগ, প্রথম চার্জশিটে বর্তমান মন্ত্রী অরূপ রায় সহ ৮ জনের নাম থাকলেও দ্বিতীয় চার্জশিটের তাদের নাম বাদ দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। দ্বিতীয় চার্জশিটে আরো দুজনের নাম যুক্ত করা হয়। সন্তোষ সিং ও পি রাজু। এই মামলায় এখনো ২৮ জনের সাক্ষী নেওয়া হয়েছিল। নিম্ন আদালত, হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টে এই মামলা গড়ালেও সুবিচার পাননি তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। ১১ বছর পরেও অভিযুক্তরা শাস্তি পায়নি। হাইকোর্টে আজকের রায়ের পর প্রতিমা দেবী বলেন, আশা করছি এবার ন্যায় বিচার পাবো, অপরাধীরা শাস্তি পাবে।

