আমাদের ভারত, ঘুটিয়ারিশরীফ, ৫ আগস্ট: এক কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার এক মহিলা। বুধবার বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত ঘুটিয়ারিশরীফ হালদার পাড়া থেকে সাজিনা বিবি নামে বছর উন্ত্রিশের এক মহিলাকে দু’কেজি হেরোইন সমেত গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, টোপ দিয়ে মহিলাদের ব্যবহার করে জেলা জুড়ে হেরোইন পাচারের জাল বিছানো হয়েছে। মূলত টার্গেট করা হচ্ছে মহিলাদের। বোরখা, ওড়না অথবা চাদরের আড়ালেই পাচার চলত বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে হেরোইন পাচার চক্র যথেষ্ট সক্রিয় দক্ষিণ ২৪ পরগণা জেলায় এই অভিযোগ ছিলই। সেই ঘটনার তদন্তে নেমে এবার সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ। গত ২৩ জুলাই ২০৪ গ্রাম হেরোইন সহ এক মহিলা গ্রেফতার হয় জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির হালদার পাড়া এলাকা থেকে।
সেই ঘটনায় ধৃত সাইমা বিবিকে জিজ্ঞাসাবাদ করেই এই সাজিনা বিবির নাম জানতে পারে পুলিশ। বুধবার এলাকায় তল্লাশি চালিয়ে এই সাজিনা বিবিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ৫০০ গ্রামের মোট ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ১ কোটি টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সাজিনা বিবি কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসত। তবে মূল হেরোইন আসতো নদিয়া জেলা থেকে। তারপর তার সাথে আরও কিছু মিশিয়ে বিক্রি করত এরা। দক্ষিন চব্বিশ পরগনা জেলা জুড়ে এই জাল ছড়ানো বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। আরও অনেকেই এরসাথে যুক্ত আছে। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি।

