বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বারাসতে ‘হেরিটেজ ওয়াক’

আমাদের ভারত, ১৬ আগস্ট: ১৮৪ বছর আগে ১৮৩৯ সালের ১৯শে আগস্ট ফটোগ্রাফির প্রযুক্তি এবং শিল্পের দরজা খুলে দেওয়া হয়েছিলো সারা পৃথিবীর সকল মানুষের জন্য।

দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর ১৯শে আগস্ট সারা বিশ্ব জুড়ে পালিত হয় “ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে”। এই বিশেষ দিনটি উদযাপনের লক্ষ্যে কলার্ট-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘বারাসাত হেরিটেজ ফটো ওয়াক’-এর।

দু ঘণ্টার এই ফটো ওয়াক-এ ছবি তুলতে তুলতে পথচলার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীরা খুঁজে দেখার চেষ্টা করবেন বারাসাত শহরের ইতিউতি ছড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থান ও নিদর্শন। ছোট্ট করে জানার চেষ্টা করবেন তার ইতিহাস।

কোথায় ছিলো আধুনিক ভারতবর্ষের অন্যতম প্রাচীন ঘোড়দৌড়ের মাঠ। সত্যিই কি ছিলো বারাসাত থেকে একেবারে ব্যারাকপুরের গঙ্গার ধার পর্যন্ত এক সুড়ঙ্গপথ, বারাসাতের কাছেই কোথায় হয়েছিলো সেই নারকীয় হত্যাকান্ড যা নাকি জালিয়ান‌ওয়ালাবাগের হত্যাকান্ডকেও হার মানায়? বারাসাতের কোথায় আছে সেই মন্দির, যেখানে দুর্গাপুজোর সংকল্প হতো মুঘল সম্রাট আকবরের রাজপুত স্ত্রী যোধাবাইয়ের নামে?

জানার থাকবে আর‌ও অনেক কিছুই। সঙ্গে থাকবে সামান্য একটু চা বিস্কুটের আয়োজন। যোগ দিতে পারেন আপনিও। কোন প্রবেশমূল্য নেই, কিন্তু সর্বাধিক ৩০জন যোগ দিতে পারেন, আগে রেজিস্ট্রেশনের ভিত্তিতে। অন্ততঃ চার কিলোমিটার হাঁটার মতো শারীরিক দক্ষতা, অনুশাসন ও নিয়মানুবর্তিতা মেনে চলার মানসিকতা থাকা প্রয়োজন।

ফটো ওয়াক চলাকালীন ধূমপান বা অন্য কোনও নেশার দ্রব্য গ্রহণ বাঞ্ছনীয় নয়। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে 8116767182 নম্বরে। বৃষ্টি অথবা কোনও অনিবার্য কারণে অনুষ্ঠানসূচি পরিবর্তিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *