জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে প্রবল বর্ষণে ফের পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা জলের তলায়। ভাঙছে মাটির বাড়ি, বিপর্যস্ত রাস্তাঘাট, সেতু। প্রবল বর্ষণে আরও একবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে জেলার অপেক্ষাকৃত নীচু এলাকাগুলিতে।
সোমবার শুরু হওয়া বৃষ্টিপাত বুধবার আরও প্রবল আকার ধারণ করেছে। বজ্র-বিদ্যুৎ সহ একটানা বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। জেলার কয়েক হাজার বিঘা কৃষিজমি ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। আমন ধান, সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। প্রবল বর্ষণে জেলার ঘাটাল এবং খড়্গপুর মহকুমার ডেবরা, সবং, পিংলা, বেলদা, নারায়ণগড়, দাঁতন, মোহনপুর প্রভৃতি এলাকায় কৃষিজমি, মাটির ঘরবাড়ি, অস্থায়ী সেতু এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর মহকুমার মেদিনীপুর, গড়বেতা প্রভৃতি এলাকার বিস্তীর্ণ অংশও ইতিমধ্যে জলমগ্ন হয়েছে। জল বাড়ছে কংসাবতী ও শিলাবতী নদীতে। জল ছাড়া হয়েছে ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে। তাই, বৃষ্টি থেমে গেলেও আগামী কয়েকদিনে জেলার একাধিক এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। চলতি বছরে আগস্ট মাসের মধ্যেই দু’ দু’বার প্লাবিত হয়েছে জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। তাই প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সর্তকতা নেওয়া হয়েছে।

