টানা বৃষ্টিতে ধস জয়চণ্ডী পাহাড়ে, কার্লভাট ভেঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা রঘুনাথপুরে

সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুন: টানা বৃষ্টিতে পুরুলিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল। জেলার সবচেয়ে প্রভাব পড়েছে রঘুনাথপুর মহকুমা এলাকায়। বিভিন্ন অংশে কাঁচা বাড়ি পড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টির জলে কার্লভাট ভেঙ্গে গিয়ে সড়ক পথে মহকুমা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ রঘুনাথপুর পাহাড়পুর জাহের থানের গোড়ায় সেনেড়ার গ্রামের কাছে ছোট কার্লভাটটি ভেঙ্গে পড়ে। এর ফলে রঘুনাথপুর শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ৬টি গ্রাম। অবিরাম বৃষ্টিতে রঘুনাথপুরের জয়চণ্ডি পাহাড়ে ধস নামে। টানা বৃষ্টিতে পাথরের তলার মাটি সরে গিয়ে ধস নামে বলে স্থানীয়দের ধারণা। ধসে বড় পাথরের চাঁই গড়িয়ে পড়ে যায় পাহাড়ে চড়ার সিঁড়ির উপর। সিঁড়ি ভেঙ্গে যায়। পাহাড়ের উপরে মন্দিরে যাওয়ার একমাত্র ওই সিঁড়ি হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।

অন্যদিকে, রঘুনাথপুর পুরসভা এলাকায় টানা ভারি বৃষ্টিতে শতাধিক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ভাবে জানা গিয়েছে। কোথাও বাড়ির দেওয়াল কোথাও চালা বাড়ি ধসে পড়ে। যদিও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। বৃষ্টির মধ্যেই এলাকার প্রাক্তন বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরি ওই সব এলাকা পরিদর্শন করে পীড়িতদের সঙ্গে কথা বলেন। তিনি জানান,”শতাধিক বাড়ির ক্ষয় ক্ষতি হয়েছে। বাড়ির মালিকের পরিচয় পত্র নিয়ে তালিকা তৈরি করছি। সেগুলি নিয়ে সরকারি সাহায্যের জন্য মহকুমাশাসক ও জেলাশাসকের সঙ্গে দেখা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *