নির্বাচনের আগে উত্তপ্ত হচ্ছে কেশপুর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ: বৃহস্পতিবার নির্বাচনের আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে কেশপুর এলাকা। যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির সংঘর্ষ ও মারধরের ঘটনায় তেতে উঠছে কেশপুর। রবিবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দু’জন বিজেপি কর্মী। তাদের কর্মীদের মারধর করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠলেও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে তাদের প্রচার গাড়ি ভাঙ্গচুরের পাল্টা অভিযোগ তোলা হয়েছে। কেশপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে সেখানে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। কর্মসূচি শেষে কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার সময় তাদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। সেখানকার বিজেপি নেতা তন্ময় ঘোষ অভিযোগ করেন, কর্মীদের মারধর করার পাশাপাশি দুটি গাড়িতে ভাঙ্গচুর চালিয়েছে তৃণমূলের লোকজন।

কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা পাল্টা অভিযোগ করে বলেন, মিঠুন চক্রবর্তীর রোড শো থেকে ফেরার সময় ধলহারা বাজারে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। সেখানকার তৃণমূল অফিসেও ভাঙ্গচুর চালিয়েছে তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অন্তরা ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির কেউ তৃণমূলের অফিস ভাঙ্গচুর করেনি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *