অগ্নিপথ-এর প্রতিবাদে বিক্ষোভে উত্তপ্ত হাজরা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি

আমাদের ভারত, ১৮ জুন: অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র-যুব কর্মীদের হঠাতে শনিবার পুলিশ বলপ্রয়োগ করে। দু’পক্ষের ধস্তাধস্তি হয়। এলাকায় উত্তেজনা দেখা দেয়। ব্যাহত হয় যান চলাচল।

পুলিশি ‘নির্যাতন ও গ্রেফতারের’ নিন্দা করে এসইউসিআই(সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, “অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরুদ্ধে আজ এআইডিএসও-এআইডিওয়াইও-র নেতৃত্বে ছাত্র-যুব কর্মীরা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। রাজ্য পুলিশ হাজরা মোড়ে সেই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর অতর্কিতে হামলা করে, লাঠি চালিয়ে ১১ জন মহিলা কর্মী সমেত ৩২ জনকে গ্রেফতার করে।

এই জনবিরোধী প্রকল্পের পরিবর্তে যখন স্থায়ী চাকুরির দাবিতে সারা দেশের চাকুরিপ্রার্থীরা সোচ্চার তখন তৃণমূল সরকারের পুলিশের এই ভূমিকা আমাদের বিস্মিত করেছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *