একমাস ধরে অচলাবস্থা হিলির আন্তর্জাতিক বাণিজ্যে, সম্পাদকের অপদার্থতার অভিযোগ তুলে ১১ জন সদস্যের ইস্তফা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ মার্চ: একমাস ধরে অচলাবস্থা চলছে হিলির আন্তর্জাতিক বাণিজ্যে। সম্পাদকের অপদার্থতার অভিযোগ তুলে হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে ১১ জন সদস্যের ইস্তফা। তুমুল হইচই দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলিতে। শুধু তাই নয় সদস্যদের অন্ধকারে রেখে কাজ চালাবার অভিযোগও উঠেছে ওই সংগঠনের সম্পাদকের বিরুদ্ধে। সোমবার সংগঠনের নিজস্ব প্যাডে এমনই লিখিত অভিযোগ জানিয়ে ১১ জন সদস্য ইস্তফা দিয়েছেন। দাবি জানানো হয়েছে নির্বাচনেরও। এদিন দুপুরে এ ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে।

ভারত- বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরটি। যেখান দিয়েই প্রায় প্রতিদিন ২৫০-৩০০ টি মাল বোঝাই লরি ওপারে যায়। চলে দুদেশের আমদানি- রপ্তানি। আর যা সুষ্ঠু ভাবে পরিচালনা করবার জন্য ব্যবসায়ীদের তরফে গড়ে তোলা হয়েছে হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। যার সম্পাদকের বর্তমানে দায়িত্বে রয়েছেন ধিরাজ অধিকারী। তার বিরুদ্ধেই এমন অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ সংগঠনের সদস্যরাই।

তাদের অভিযোগ, সম্পাদক নিজের খুশি মতো দু’ একজনকে নিয়ে তাদের অন্ধকারে রেখে কাজ করছেন। যার অপদার্থতায় প্রায় একমাস ধরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে হিলি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে। আর যার জেরেই চরম ক্ষতির সন্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এদিন সম্পাদকের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ১১ জন সদস্য ইস্তফা দিয়েছেন। হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য অনেক থাকলেও ২১ জনের একটি স্থায়ী কমিটি রয়েছে। যেখান থেকে এই ১১ জন সদস্য সরে আসতেই সম্পাদকের বিরুদ্ধে রীতিমতো অনাস্থা আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তোড়জোড় শুরু হয়েছে সম্পাদকের পাশাপাশি নতুন কমিটি গঠনের প্রক্রিয়াও। চলতি মাসে ভোটাভুটির মাধ্যমে সেই কমিটি গঠনের দাবি জানিয়েছেন অনেকেই।

এদিকে ১১ জন সদস্যের দেওয়া ইস্তফাপত্র ইতিমধ্যে জেলাশাসক থেকে শুরু করে জেলা পুলিশ প্রশাসন সর্বত্রই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পদত্যাগকারীরা।

সংগঠন থেকে ইস্তফা দেওয়া ব্যবসায়ী কাজল সরকার জানিয়েছেন, সম্পাদকের খামখেয়ালিপনায় প্রায় এক মাস ধরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে সীমান্তে। সদস্যদের প্রায় সকলকে অন্ধকারে রেখে কাজ করছেন তিনি। আর যার জেরে চরম সমস্যায় পড়েছেন তারা। এদিন তারই প্রতিবাদে ১১ জন সদস্য লিখিত আকারে ইস্তফা দিয়েছেন
সভাপতিকে।

হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল বলেন, ১১ জন সদস্যের ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে। সকলের সাথে কথা বলে পরবর্তীতে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যার জন্য ১৭ মার্চ সংগঠনের জেনারেল মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *