সাধারণ সভাতেও গঠন হল না হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যকরী কমিটি, নির্বাচনের ডাক রপ্তানীকারকদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ মার্চ: অশান্তি জিইয়ে রেখে সাধারণ সভা ডেকেও কমিটি গঠন করতে পারলো না হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। নির্বাচনের ডাক রপ্তানীকারকদের। সংগঠন রক্ষায় অস্থায়ী কমিটি তৈরি করে নির্বাচনের পথেই এগোচ্ছে হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বললেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন মন্ডল। বুধবার দুপুরে এই কমিটি গঠনকে ঘিরে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল হিলি সীমান্ত শহরে। যাকে ঘিরে কিছুটা আগাম সতর্ক ছিল হিলি থানার পুলিশও। এদিন সকাল থেকেই এই কমিটি গঠন সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়।

হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পূর্বতন কমিটির সম্পাদক ধীরাজ অধিকারীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে ৭ মার্চ অনাস্থা এনে ২১ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন ১১ জন সদস্য। যারাই ওইদিন বৈঠকে বসে সভাপতির উপস্থিতিতে কমিটি ভেঙে দিয়েছিল। যদিও পরবর্তীতে সংগঠনের সভাপতি আলাউদ্দিন মন্ডলের হস্তক্ষেপে ১১ মার্চ ভেস্তে দেওয়া হয় সেই অনাস্থা প্রক্রিয়া। স্বাভাবিক রাখা হয় পুরনো কমিটিকে এবং সম্পাদকের পদে বহাল থাকেন ধীরাজ অধিকারী। কিন্তু এই ঘটনার ১৭ দিন অতিক্রান্ত হতেই ফের সম্পাদকের বিরুদ্ধে সরব হন রপ্তানীকারকরা। ২১ জন কার্যকরী কমিটির সদস্যের মধ্যে ১২ জন অনাস্থা আনেন সম্পাদকের বিরুদ্ধে। যার পরেই একটি সাংবাদিক বৈঠক করে হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পুরোনো কমিটি ভেঙে দিয়েছেন সভাপতি আলাউদ্দিন মন্ডল। নতুন কমিটি গড়তে বুধবার সাধারণ সভারও ডাক দেওয়া হয়। সংগঠনের কার্যকরী কমিটি গড়তে এদিন নিজস্ব ভবনে চলে বৈঠক। সিলেকশন পদ্ধতির মাধ্যমে কমিটি গড়বার নির্দেশ পেতেই একাধিক প্যানেল জমা পড়ে। আর যার পরেই রপ্তানীকারকদের মধ্যে শুরু হয় বিতর্ক। অবশেষে আটজনের একটি অস্থায়ী কমিটি গড়ে নির্বাচন করবার আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিন সকাল থেকে হিলি এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের এই কমিটি গঠনকে ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয় সীমান্ত শহর হিলিতে। যাকে ঘিরে প্রচুর পুলিশও মোতায়েন করা হয় এলাকায়।

হিলি এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আলাউদ্দিন মন্ডল বলেন, সাফল্য ও ব্যর্থতা নিয়েই পূর্বতন সম্পাদক তার পদের দায়িত্ব সামলেছে। তবে তার বিরুদ্ধে অনাস্থা আসায় এদিন সাধারণ সভা ডাকা হয়েছিল। যেখানে কমিটি গঠন না হওয়ায় নির্বাচনের পথে হাঁটতে চলেছে সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *