স্বাস্থ্যসাথীর কার্ডে পরিষেবা বন্ধ! কাঁকসার সরকারি হাসপাতালের নোটিশে বিভ্রান্তি

জয় লাহা, দুর্গাপুর, ৮ মে: ‘অ্যাসুরেন্স মোডে টাকা না পাওয়ায় স্বাস্থ্য সাথী পরিষেবা কিছুদিনের জন্য বন্ধ।’ সরকারি হাসপাতালে এহেন নোটিশকে ঘিরে বিভ্রান্তি ছড়াল। ঘটনাটি ঘটেছে, কাঁকসা ব্লক হাসপাতালে। প্রশ্ন উঠেছে, স্বাস্থ্যসাথীর কার্ডের পরিষেবা নিয়ে।

 ঘটনায় জানা গেছে, দুদিন আগে কাঁকসা ব্লক হাসপাতালে নোটিশ টাঙানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, অ্যাসুরেন্স মোডে টাকা না পাওয়ায় স্বাস্থ্য সাথী পরিষেবা কিছুদিনের জন্য বন্ধ। আর সরকারি হাসপাতালে এধরনের নোটিশে স্বাভাবিকভাবে বিভ্রান্তি ছড়িয়েছে।

নির্বাচনের আগে দুয়ারে সরকারের মাধ্যমে ঢালাও স্বাস্থ্যসাথীকার্ড তৈরী করা হয়। নির্বাচনের পর আচমকা পরিষেবা বন্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, ব্লক হাসপাতালে রক্তের নমুনা, ইউএসজি, ইসিজি, সিটিস্ক্যানের মতো পরীক্ষার পরিকাঠামো নেই। ওইসব পরীক্ষা স্বাস্থ্যসাথীকার্ডের মাধ্যমে করতে হয়। তার খরচ ওই স্বাস্থ্যসাথী কার্ড মাধ্যমে বরাত পাওয়া ল্যাব পেয়ে থাকে। কাঁকসা ব্লক হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ২০২০ সালের জুন মাস থেকে অ্যাসুরেন্স মোডে প্রায় ৫ লক্ষ টাকা বকেয়া। আর এই বকেয়া থাকার কারনে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা বলেন, “নির্বাচনের আগে রাজ্য সরকার দুয়ারে সরকারের মাধ্যমে ঢালাও স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করেছিল। এখন তার পরিষেবা বন্ধ করে দেওয়ায় সাধারন মানুষ বিপাকে পড়ছে। গরিব মানুষের সঙ্গে প্রতারনা করা হচ্ছে। করোনা আবহে মানুষকে সঠিক পরিষেবা দিক রাজ্য।”

কাঁকসা ব্লক স্বাস্থ্য আধিকারিক বিপ্লব মন্ডল বলেন, “চিকিৎসা পরিষেবা চালু আছে। স্বাস্থ্যসাথী কার্ডে মুলত নমুনা পরীক্ষা হয়। সেটা কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। অ্যাসুরেন্স মোডে টাকা না পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *