রাজেন রায়, কলকাতা, ১১ ফেব্রুয়ারি: স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, প্রায় ৭৫ শতাংশ স্বাস্থ্যকর্মী করোনার টিকা নিয়ে নিলেও এখনো ২৫ শতাংশ স্বাস্থ্যকর্মী তা নেননি। এরকম স্বাস্থ্য কর্মী রয়েছেন প্রায় ২ লক্ষ, যার মধ্যে রয়েছেন অনেক চিকিৎসক-নার্সরাও। বাকি থাকা স্বাস্থ্য কর্মীদের জন্য এবার ডেডলাইন ঘোষণা করে দিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারির মধ্যে বাকি স্বাস্থ্যকর্মীদের টিকার প্রথম ডোজ নিতেই হবে। অন্যথায় অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা মিলবে না।
সাধারণভাবে বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া এদের প্রত্যেকের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, দেশের ১ কোটি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের জন্য এক মাস বরাদ্দ করা হয়েছিল। তারপর ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রথম ডোজটি দেওয়ার সঙ্গে স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। কিন্তু এটা আশা করা যায়নি ভ্যাকসিন নিতেও স্বাস্থ্যকর্মীদের অনীহা হতে পারে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মুম্বই-সহ বেশ কিছু রাজ্যে টিকাকরণের গতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে। তবে একমাত্র ওড়িশাতে রাজ্যের টিকাকরণ ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। সেই উদাহরণকে সামনে রেখে সব রাজ্যগুলিকে টিকাকরণে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে।

