অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ ডিসেম্বর: করোনা আবহে মানুষজনকে মশা বাহিত রোগ মূলত ম্যালেরিয়া, ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে বৃহস্পতিবার গোপীবল্লভপুর গ্রামীন হাসপাতালের উদ্যোগে প্রত্যন্ত ভালিয়াডিহা গ্রামে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর মত রোগগুলি থেকে নিজেদের এবং পরিবারকে কিভাবে নিরাপদ ও সুরক্ষিত রাখবে সে সম্পর্কে সচেতন করা হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ দেওয়া হয়।
ভালিয়াডিহা গ্রামের গ্রামবাসীরা স্বাস্থ্য শিবির এসে নিজেদের পরীক্ষা করায়। স্বাস্থ্য দফতরের কর্মীরা ওই গ্রামের বাসিন্দাদের ম্যালেরিয়া, ডেঙ্গু ও করোনা নিয়ে সচেতন করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সেই সঙ্গে যে কোনও প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করানোর জন্য গ্রামবাসীদের স্বাস্থ্য কর্মীরা জানান। আগামী দিনে গ্রামে গ্রামে গিয়ে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল এই ধরনের স্বাস্থ্য শিবির চালাবে বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান।

আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ আকাশ মাহাতো, স্বাস্থ্য কর্মী বিল্বদল চক্রবর্তী, সুমন ঘোষ, শক্তিপদ বাসুরী, দেবযানি দে ও আশা কর্মী সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মী ও আধিকারিকরা।স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানান ভালিয়াডিহা গ্রামের গ্রামবাসীরা।

