স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর: কিশোর-কিশোরী পাচারকারী সন্দেহে এক সরকারী স্কুলের প্রধান শিক্ষক সহ ৪ জনকে আটক করলো রায়গঞ্জ রেল পুলিশ। আটক ৪ জন ব্যক্তির মধ্যে ২ মহিলা ও ২ পুরুষ আছেন। উদ্ধার হয়েছে ২১ জন কিশোর, ৪ জন কিশোরী। এক সমাজ সচেতন ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই ঘটনা বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ রেল পুলিশ, রায়গঞ্জ থানার পুলিশ ও উত্তর দিনাজপুর চাইল্ড লাইন। শনিবার সন্ধ্যারাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে।
শনিবার সন্ধ্যায় রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস রায়গঞ্জ স্টেশনে আসার পরেই এক সমাজ সচেতন ব্যক্তি লক্ষ্য করেন বেশ কিছু কিশোর কিশোরী স্টেশন চত্বরে হুড়োহুড়ি করছে, তাদের সাথে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকেও হুড়োহুড়ি করতে দেখেন ওই ব্যক্তি। ওই প্রাপ্তবয়স্ক ব্যাক্তির কাছে খোজ নিতে গেলে ওই ব্যক্তি জানায়, “আমার আত্মীয়র বিয়েতে যাচ্ছি।”

কিন্তু, কিশোর-কিশোরীদের কোনও আত্মীয়কে সাথে না দেখে সন্দেহ হয় ওই সমাজ সচেতন ব্যক্তির। তিনিই খবর দেন রেল পুলিশে। রেলপুলিশ তৎপর হয়ে ২১ জন কিশোর ও ৪ জন কিশোরীকে উদ্ধার করে৷ খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর চাইল্ড লাইন সহ রায়গঞ্জ থানায়।
চাইল্ড লাইনের কর্মীরা সব কিশোর -কিশোরীদের পরিবারকে খবর দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। পুলিশ সুত্রে জানা গেছে অভিযুক্ত ওই শিক্ষক মোজাহিদুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন রকমের উত্তর দেওয়ায় সন্দেহ বাড়ে তদন্তকারী আধিকারিকদের।

রাতে ওই কিশোর-কিশোরীদের অভিভাবকরা এলেও তাদের বিভিন্নজনের বক্তব্য বিভিন্ন রকম। কেউ বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলেননি। কেউ বলছেন কাজে যাচ্ছে, কেউ বলছেন বেড়াতে যাচ্ছে, কেউ বলছে পড়তে যাচ্ছে। শেষ পর্যন্ত পুলিশ ওই কিশোর-কিশোরীদের হোমে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

