ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ, বাগদায় গ্রেফতার প্রধান শিক্ষক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ আগস্ট: ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি ও অশ্লীল আচরণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রামনগর কলোনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। পুলিশ জানিয়েছে, অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ওই স্কুলের প্রধান শিক্ষক সমীরণ বালাকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিনি এই মুর্হুূতে বাগদা হাসপাতালে চিকিৎসাধীন।

ওই চতুর্থ শ্রেণির ছাত্রির অভিভাবকদের অভিযোগ, কয়েক মাস ধরেই নানা ভাবে চতুর্থ শ্রেণির ছাত্রীদের উত্যক্ত করছিলেন ওই শিক্ষক। ছাত্রীদের সঙ্গে বেশ কয়েকবার শ্লীলতাহানির চেষ্টাও করেন। কয়েকজন ছাত্রীকে কু-প্রস্তাবও দেয়। ছাত্রীরা বাড়িতে জানালে অভিভাবকরা স্কুল কমিটির সম্পাদককে বিষয়টি জানান। অভিযুক্ত সমীরণ বালা ভবিষ্যতে আর এমনটা করবেন না বলায় ছেড়ে দেওয়া হয় তাঁকে।

সোমবার ফের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গোপনে ডেকে নিয়ে গিয়ে তিনি শ্লীলতাহানির চেষ্টা করে কু-প্রস্তাব দেয় বলে অভিযোগ। তবে ছাত্রীটি চিৎকার করে কোনও রকমে স্কুল থেকে পালায়। পরে বাড়িতে এসে অভিভাবকদের সবটা বলে সে। অভিভাবকরা মঙ্গলবার স্কুলে খুলতেই প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এরপর উত্তেজিত গ্রামবাসী ও অভিভাবকরা বেধড়ক মারধর করে ক্লাসরুমে আটকে রাখেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। বাগদা হাসপাতালে নিয়ে যায়। গ্রামবাসীদেরও দাবি, ওই শিক্ষক আগেও ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। সতর্কও করা হয়েছে তাঁকে। কিন্তু তারপরেও লাভ হয়নি। অভিযুক্ত শিক্ষকের অবশ্য দাবি, তিনি এমন কিছু করেননি।

এলাকার পঞ্চায়েত সদস্য ও স্কুল কমিটির সদস্য অর্দ্ধেন্দু বিশ্বাস জানান, আগেও ওই শিক্ষককে সতর্ক করা হয়েছে। কিন্তু তার সংশোধন হয়নি। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আইন আইনের পথে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *