আমাদের ভারত, কলকাতা, ২৭ ডিসেম্বর: সমাবর্তনে মঞ্চে উপাধিপ্রাপকদের পরিধেয় অর্থাৎ ‘রোব’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এ নিয়ে মন্তব্য করেছেন খোদ আচার্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। তাঁর মন্তব্যের সঙ্গে একমত শিক্ষাবিদ ও বাবা সাহেব অম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এবং ডায়মণ্ড হারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়।
ডঃ সোমার কথায়, “রাজ্যপাল নিজেও শিক্ষামহলের সঙ্গে দীর্ঘকাল ওতপ্রোতভাবে জড়িত, এমনকি উপাচার্যও ছিলেন। এই জগৎটা ভাল বোঝেন। খারাপ বলেননি তো তিনি! শাড়ি-ধুতির মত বাঙালির নিজস্ব পরিধেয় আছে! শাড়ি তো একটা শিল্পকর্ম। এর একটা নান্দনিক দিক আছে। এটা আমার ব্যক্তিগত মত। ইউজিসি-র পোষাকবিধিতে রোব-এর উল্লেখ থাকলেও তা বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারও যথেষ্ঠ বিবেচক। তারাও এ নিয়ে কোনও নির্দেশ দেয়নি। তবে, প্রাতিষ্ঠানিকভাবে রোব তুলে দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের কোর্ট-সিণ্ডিকেটের সিদ্ধান্ত দরকার।“

