আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩১ অক্টোবর: ‘হেট ইসরাইল’ কাকভোরে এমনই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের দুবরাজপুর পুরসভার ইসলামপুর এলাকায়। প্রাতঃভ্রমণকারীদের নজরে প্রথম আসে ওই পোস্টার। খবর লেখা পর্যন্ত ওই পোস্টারকে ঘিরে পুলিশের কোনো হেলদোল দেখা যায়নি।

মঙ্গলবার দুবরাজপুরের কিছু পথচারী শহরের উপর দিয়ে চলে যাওয়া মোড়গ্রাম-রাণীগঞ্জ ১৪ নম্বর জাতীয় সড়কে প্রাতঃভ্রমণ করছিলেন। তারাই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পোস্টার লক্ষ্য করেন। ইসরায়েলের নীল সাদা পতাকার উপর লেখা ‘হেট ইসরাইল’। তাতে আবার জুতোর সুকতলার ছাপ। এমনই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
কামারশাল মোড় থেকে পাওয়ার হাউস পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাজুড়ে শতাধিক পোস্টার কে বা কারা ছিটিয়েছে রাতের অন্ধকারে। এই নিয়ে দুবরাজপুরের বিধায়ক বিজেপির অনুপকুমার সাহা বলেন, “এমনটা হওয়া কাম্য নয়। আমি মনে করি এটা খুবই নিন্দনীয় ঘটনা। পুলিশি তদন্তের প্রয়োজন। সরকারি এবং বেসরকারি সিসিটিভি ক্যামেরা দেখে ওই পোস্টারগুলো কারা ছড়িয়ে দেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা হোক। আমি মনে করি এটা দেশ বিরোধী কার্যকলাপের পর্যায়ে পড়ে। দেশদ্রোহী জঙ্গি সংগঠনগুলি এই সমস্ত পোস্টার চিটিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। দেশ ও বিরোধিতা করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ”।

অন্যদিকে দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পান্ডে পোস্টার ছড়ানোর খবর শুনেই ঘটনা চাক্ষুষ করতে এলাকায় যান। তিনি বলেন, “যারাই করেছে এটা সঠিক কাজ করেনি। বিষয়টি পুলিশকে দেখার জন্য বলছি”।
শাসক-বিরোধী বিষয়টি পুলিশকে দেখার অনুরোধ জানালেও প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

