যোগগুরু রামদেব বাবাকে নিজের মন্তব্য ফিরিয়ে নেওয়ার পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

আমাদের ভারত, ২৩ মে: অ্যলোপ্যাথি চিকিৎসাকে সরাসরি স্টুপিড বলে বিতর্কে জড়িয়েছেন যোগগুরু বাবা রামদেব। তার এই উক্তিকে এবার দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও ফিরিয়ে নেবার পরামর্শ দিলেন। এর আগে আইএমএ তাকে এর জন্য আইনি নোটিশ ধরিয়েছে। অন্যদিকে রামদেব বাবার সংস্থা দাবি করেছে,”ভাইরাল ভিডিওটিতে রামদেবের বক্তব্য ঘুরিয়ে দেখানো হয়েছে। ভিডিওটি এডিট করা হয়েছে। আধুনিক চিকিৎসা ওষুধপত্রকে ছোট করার কোন ইচ্ছেই আয়ুর্বেদিক যোগগুরুর ছিল না।

নানা মহলে তুমুল সমালোচনার শুরু হতেই যোগগুরুর উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,” অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে আপনার মন্তব্যে দেশের মানুষ খুব দুঃখ পেয়েছেন। আমি এই নিয়ে ইতিমধ্যেই ফোনে কথা বলেছি। চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ঈশ্বরের মতো। করোনা যুদ্ধে তারা লড়ছেন। আপনি আপনার কথা ফিরিয়ে নিন।”

প্রসঙ্গত উল্লেখ্য ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির সমালোচনা করছেন যোগগুরু রামদেব। তিনি বলছেন অ্যালোপ্যাথি ওষুধের জন্য লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। বিনা চিকিৎসায় বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা যাচ্ছে তারচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসার কারণে। একইসঙ্গে তিনি অ্যালোপ্যাথিকে স্টুপিড এবং নিম্নমানের বিজ্ঞান বলেও অভিহিত করেছেন।

এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়। চিকিৎসকরা এই মন্তব্যের প্রতিবাদ করেন। এই মন্তব্যের কারণে রামদেব বাবার সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দাবি করা হয়েছে লিখিত ক্ষমা প্রার্থনার জন্য। একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এর বিচার চাওয়া হয়েছে। এমনকি অনেক চিকিৎসক বলেছেন স্বাস্থ্যমন্ত্রী যদি এক্ষেত্রে চুপ থাকেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আই এম এ ছাড়াও রামদেবের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। যোগগুরু বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন তাঁরা। এরপরেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন রামদেব বাবাকে নিজের মন্তব্য ফিরিয়ে নেওয়ার পরামর্শ দিলেন।

যদিও রামদেব বাবার সংস্থা দাবি করেছেন,”ভাইরাল ভিডিওটিতে রামদেবের বক্তব্য ঘুরিয়ে দেখানো হয়েছে। ভিডিওটি এডিট করা হয়েছে। আধুনিক চিকিৎসা ওষুধপত্রকে ছোট করার কোন ইচ্ছেই আয়ুর্বেদিক যোগগুরুর ছিল না। পতঞ্জলির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ওই অনুষ্ঠানটি বেসরকারি ছিল। স্বামীজি তাঁর হোয়াটসঅ্যাপে আসা একটি মেসেজ পড়ছিলেন। ওর বিরুদ্ধে যা প্রচার করা হচ্ছে তা একেবারেই মিথ্যা। উনি বিশ্বাস করেন অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক ও যোগের মিশ্রণেই একটি কঠিন সময়ে মানুষ উপকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *