আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের সঙ্গে এবার থেকে ভগবত গীতার শ্লোক পাঠ করবে পড়ুয়ারা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। হরিয়ানা শিক্ষামন্ত্রী কানওয়ার পাল সাংবাদিকদের জানিয়েছেন, এবার থেকে স্কুলের সিলেবাসে গীতার শ্লোকও পড়ানো হবে ওই রাজ্যে। তবে চলতি শিক্ষাবর্ষের বদলে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এই নতুন সিলেবাস চালু করা হবে স্কুলগুলোতে।
হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসবে স্কুলে গীতার শ্লোক পড়ানোর কথা ঘোষণা করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। পড়ুয়ারা যাতে গীতার শ্লোক মুখস্ত করে, এই পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে নিজেদেরকে অবগত করে সেই বিষয়ে নজর রাখবে স্কুলগুলি।
প্রথম পর্যায়ে পঞ্চম ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের গীতার শ্লোক পড়ানো হবে। এরপর এই বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা গৃহীত হলে বাকি ক্লাসে কিভাবে এই ধর্মগ্রন্থ পড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, আজকের যুবসমাজের গীতার মাহাত্ম্য বোঝা এবং শেখা খুব প্রয়োজন। তাদের এটা বোঝা উচিত এই ধর্মগ্রন্থে সবার জন্য কিছু না কিছু বার্তা রয়েছে। এই পবিত্র গ্রন্থকে কেউ যদি জানতে পারেন সেক্ষেত্রে সে অনেক কিছু শিখতে পারবে। গীতা মহোৎসবে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপ করেছে হরিয়ানা সরকার। তার মধ্যে এটি অন্যতম।

