রাজেন রায়, কলকাতা, ১৮ অক্টোবর: সোমবার সল্টলেক স্বাস্থ্যভবনে বৈঠক ছিল আরজিকরের বর্তমান পরিস্থিতি নিয়ে। বৈঠকে ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল।
তিনি বৈঠক থেকে বেরিয়ে জানিয়ে দেন, স্বাস্থ্য দফতর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালের পরিষেবায় কোনও বিঘ্ন হতে দেওয়া যাবে না৷ একইসঙ্গে জানানো হয়েছে আউটডোর ও ইন়ডোর পরিষেবা মসৃণ রাখতে হবে৷ শুধু তাই নয় রোগীদের যাতে কোনওভাবে হেনস্থা না হতে হয় সেদিকেও বিশেষ নজর দিতে হবে বলে জানা গিয়েছে৷
আরজিকরে সমস্যার সমাধান এখনও অধরা৷ তবে স্বাস্থ্য দফতর থেকে কড়াকড়িভাবে জানিয়ে দেওয়া হল, যাতে কোনওভাবেই রোগীদের হেনস্থা না করা হয়৷ এদিকে অধ্যক্ষ ইস্তফা না দিলে তাঁরা কাজে ফিরবেন না বলে সাফ জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিকে, সিনিয়র ডাক্তাররাও ছুটিতে। ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। ক্রমশ আরজিকরের বেহাল পরিষেবা নিয়ে রোগীদের ক্ষোভ বাড়ছে।
অন্যদিকে স্বাস্থ্য দফতরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যারা কাজে আসতো না তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখতে হবে৷ আন্দোলনরত পড়ুয়াদের জন্য আলোচনার রাস্তা খোলা আছে তাই রফাসূত্র খুঁজে আলোচনার রাস্তাও বের করতে হবে বলে প্রিন্সিপালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদফতর৷

