আমাদের ভারত, ১৫ এপ্রিল: সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, তৃণমূল নেতা মদন মিত্র ও রাজ্য বিজেপি-র যুব মোর্চার সভাপতি ডাঃ ইন্দ্রনীল খান।
ধনকর টুইটারে লিখেছেন, “সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ আপনার এবং আপনার পরিবারের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক! পশ্চিমবঙ্গে এবং সর্বত্র ভয়শুন্য চিত্ত এবং উচ্চ শিরের ভূমি তৈরির গুরুদেবের স্বপ্ন ফলপ্রসূ হোক।“
তথাগত রায় লিখেছেন, “সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। ১৪২৯ সাল ভালো কাটুক, এই প্রার্থনা।“ পোস্ট করার পর ৫ ঘন্টায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৮৭২, ১৬৭ ও ৭।
সুজন চক্রবর্তী টুইটারে লিখেছেন, “শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। পয়লা বৈশাখ।“
সঙ্গে নিজের ছবি-সহ বার্তা যুক্ত করেছেন। তাতে লেখা— “অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে ক্রমশই। রুখতে হবে। শুভ শক্তির জয় হোক। নববর্ষ শুভ হোক।“
বাবুল সুপ্রিয় স্ত্রী রচনা ও দুই কন্যার নাম দিয়ে টুইট করেছেন।
মদন মিত্র টুইটারে লিখেছেন, “এসো হে বৈশাখ, এসো এসো…
এই নতুন বছর আপনাদের জীবনে একটি নতুন সূচনা হোক। আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক। শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪২৯!“
নিজের ছবি ও বাংলা নববর্ষের প্রতীক-সহ ডাঃ ইন্দ্রনীল খান টুইটারে লিখেছেন, “শুভ নববর্ষ ১৪২৯। সত্যম্ শিবম্ সুন্দরম্॥”

