মসজিদের লাউডস্পিকার বন্ধ না হলে হনুমান চালিশা বাজবে, হুঁশিয়ারি রাজ ঠাকরের

আমাদের ভারত, ৩ এপ্রিল: মসজিদের বাইরে থেকে লাউডস্পিকার সরানোর নির্দেশ দিতে হবে। আর সেই কাজ না করলে সেখানে জোরে জোরে বাজানো হবে হনুমান চালিশা। মহারাষ্ট্র সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।

শনিবার মুম্বাইয়ের শিবাজী পার্কে মারাঠি নববর্ষের অনুষ্ঠানে রাজ ঠাকরে বলেন, “মসজিদের বাইরে লাউড স্পিকারের কী প্রয়োজন রয়েছে? যখন ইসলাম ধর্মের যাত্রা শুরু হয়েছিল তখন কি লাউডস্পিকার ছিল? যদি সরকার লাউডস্পিকার সরিয়ে না নেয় তাহলে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা কর্মীরা হনুমান চালিশা বাজাবে।”
একইসঙ্গে রাজ ঠাকরে বলেছেন, “আমি প্রার্থনা বা কোনও ধর্মের বিরোধী নই। আমি নিজের ধর্ম নিয়ে গর্ববোধ করি।”

মারাঠী নববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়ে রাজ বলেন, মুম্বাইয়ের মাদ্রাসাগুলিতে পাকিস্তানের সমর্থকরা বাস করেন। মুম্বাই পুলিশ ভালোভাবেই জানে, সেখানে কী হচ্ছে। ভোটব্যাংক হিসেবে তাদের ব্যবহার করা হচ্ছে। তাদের আধার কার্ড নেই কিন্তু তাদের আধার কার্ড তৈরি করে দিয়েছেন আমাদের বিধায়করাই।

এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে কটাক্ষ করে রাজ দাবি করেন, ধর্ম-বর্ণের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এনসিপি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধানের কথায়, আমরা যদি জাতপাতের রাজনীতি থেকে বেরিয়ে না আসি, তাহলে আমরা কীভাবে হিন্দু হয়ে উঠব?

শনিবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ বলেন, “উত্তরপ্রদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা দেখে ভালো লাগছে মহারাষ্ট্রে একই রকম উন্নয়ন আমরা চাই। আমি অযোধ্যায় যাব এবং আমি হিন্দুত্ব নিয়ে কথাও বলবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *