সংশোধনাগারে বন্দির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জুন: মঙ্গলবার সকালে মেদিনীপুর জেলা সংশোধনাগার থেকে এক সাজাপ্রাপ্ত আসামির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই সংশোধনাগারের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে অন্যান্য বন্দিরা।

জানাগেছে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতার উপরজবা গ্রামের বাসিন্দা মুক্তার বায়েন নামে ঐ বন্দি ধর্ষণ মামলায় ১০ বছর সাজা খাটছিল। যদিও সাড়ে ৯ বছর সাজা খাটা সম্পূর্ণ হয়েছিল। মুক্তারের মানসিক রোগের চিকিত্‍সা হয়েছে বলে পরিবারের তরফে জানা গেছে। আজ সকালে সংশোধনাগারের অন্যান্য সাজাপ্রাপ্ত বন্দিরা মুক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তারা সংশোধনাগারের ভেতরেই বিক্ষোভ দেখাতে শুরু করে।

মৃতের স্ত্রীর রেহানা বেগমের অভিযোগ, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। সংশোধনাগারের ভেতরে তার স্বামীর উপর বিভিন্ন ধরনের অত্যাচার হত। মাস পাঁচেক আগে পেরোলে বাড়ি গিয়ে মুক্তার তার স্ত্রীকে বলেছিল তার উপর অত্যাচারের কথা, তাকে মেরে ফেলা হবে বলেও জানিয়েছিল মুক্তার। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। এ বিষয়ে জেল কর্তৃপক্ষ কিছু জানাতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *