গোপালনগরে মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১১ ফেব্রুয়ারি: মা ও তিন বছরের শিশু কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা পশ্চিম দমদমা এলাকায়। পুলিশ জানিয়েছেন, মৃত গৃহবধূর নাম শম্পা মন্ডল (২৫), মেয়ে বিথি মন্ডল (৩)। অনুমান সাংসারিক অশান্তির জেরে এমন ঘটনা বলে পুলিশের অনুমান।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্য ও স্থানীয়রা দরজার ফাঁক দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে মা-মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থলে গোপালনগর থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শম্পা দেবীর স্বামী পল্টন মন্ডল ভিন রাজ্যে কাজ করেন। শাশুড়ি লক্ষ্মী রানী মন্ডল ও ভাসুরের পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকতেন মা ও মেয়ে। জানা গিয়েছে, এলাকায় সকলের সঙ্গে হাসিখুশিভাবে মেলামেশা ছিল গৃহবধূর। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, এই বাড়ির সঙ্গে শম্পার কোনও ঝামেলা ছিল না। শিশুটিকে সকলেই ভালবাসত। ঘটনার তদন্তে নেমে পরিবারের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান সাংসারিক অশান্তির জেরে এই ঘটনা। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *