স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি মুজাফ্ফর হুসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল সাউ আজ মহকুমা শাসক দপ্তরের এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী মুজাফ্ফর হুসেনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলের ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হুসেনের বাড়ি থেকে প্রার্থী হাজি মুজাফ্ফর হুসেনকে নিয়ে বিজয় মিছিল বের করে দলের কর্মী সমর্থকরা। সেই মিছিল দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে পৌঁছায়। হাজি মুজাফ্ফর হুসেনকে শুভেচ্ছা জানান কানাইয়ালাল আগরওয়াল।

ছবি: বিজেপি প্রার্থী রাহুল সাউ।
অন্যদিকে এবিষয়ে বিজেপির প্রার্থী রাহুল সাউ ক্যামেরার সামনে মুখ খোলেননি। তবে ভয় দেখিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করানো হয়েছে অভিযোগ বিজেপির। বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেনের অভিযোগ, বিজেপি প্রার্থীকে ব্যবসা করতে বাধা দেওয়া হত। তাই তিনি ভয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

