সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ ডিসেম্বর: দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ৩৮ বছর পূর্তি উপলক্ষে শনি ও রবিবার দু’দিন ধরে সাংস্কতিক অনুষ্ঠান ও গুনীজন সম্বর্ধনা ও নানান কর্মসূচির আয়োজন করা হয়। একই সাথে সমাজসেবী গৌতম মিশ্র এই সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্ৰহণের ২৫ বছর পূর্তিতে সামাজিক দায়বদ্ধতার নজির রাখলো সংগঠনের সদস্যরা। একই সাথে সব রাজনৈতিক দলের নেতাদের একমঞ্চে হাজির করেও দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠান ঘিরে শুধুমাত্র সংগঠন ভিত্তিক নয়, গোটা উত্তর বাঁকুড়ার শিল্পাঞ্চলের মানুষের মধ্যে অন্যরকম উন্মাদনা দেখা যায়।
এদিন উত্তর বাঁকুড়া শিল্পাঞ্চলের শালতোড়া, মেজিয়া, গঙ্গাজলঘাঁটি ও বড়জোড়া এই ৪টি ব্লকের শিক্ষক, সাহিত্যিক, সমাজকর্মী ও স্ব স্ব ক্ষেত্রে যারা জেলার মুখ উজ্জ্বল করেছেন তাদের প্রত্যেককে মানপত্র ও পুরষ্কৃত করে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এই ৪টি ব্লকের ৫০ জন দুঃস্থ ডাক্তারি পড়ুয়াকে ২০ হাজার টাকা করে অর্থ সাহায্য, ৩০ জন ক্যান্সার আক্রান্তের চিকিৎসার খরচ, ১৫০ জন বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, ক্রাচ প্রভৃতি সরঞ্জাম দেওয়া হয়। এছাড়াও ৪ হাজার দুঃস্থ মানুষদের শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এদিন এই সম্বর্ধনা মঞ্চে শাসক, বিরোধী সব দলের নেতাদের পাশাপাশি বসিয়ে অন্যতম মাত্রা যোগ করলেন সংগঠনের কর্তারা। মঞ্চে ছিলেন, শাসক দলের বিধায়ক অলক মুখার্জি ও অরূপ চক্রবর্তী। ছিলেন সিপিআইএম নেতা মানিক ঢাং, মানব মন্ডল, বিজেপি নেতা অরুণ বাজপাই, অজয় ঘটক, সাহিত্যিক ত্রিলোচন ভট্টাচার্য, হরিপ্রসন্ন মিশ্র সহ বিভিন্ন মানুষজন।
সংগঠণের সভাপতি গৌতম মিশ্র বলেন, আমাদের এই পরিবহন সংস্থা প্রতিবছর কমপক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা ব্যয় করে এলাকার অসহায় মানুষদের সাহায্যের পাশাপাশি এলাকাবাসীর বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়।

