রাজেন রায়, কলকাতা, ২০ মার্চ: ভোটের মুখেও তৃণমূলে তারকা যোগদান অব্যাহত। ইতিমধ্যে একাধিক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। এবার নতুন করে শাসক দলে নাম লেখালেন টেলি দুনিয়ার অতি পরিচিত মুখ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।
গত ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘খড়কুটো’র গুনগুন- নিখিল। কর্তা-গিন্নিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ‘ঘাসফুল’-এ যোগ দিলেন তাঁরা। তৃণমূলে যোগ দিয়েই অভিনেত্রী তৃণা সাহা বলেন, ”সবার আগে ধন্যবাদ জানাব মাননীয়া মুখ্যমন্ত্রীকে। উনি চেয়েছেন আমরা ওনার পাশে থাকি, ওনার জন্য কাজ করি তাই আমরা আজ এসেছি। নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে হচ্ছে। আমাদের শিল্পীদের জন্য উনি অনেক করেছেন। আর্টিস্ট ফোরাম আজ ওনার জন্যই দাঁড়িয়ে রয়েছে। দিদি ছিলেন, আছেন, থাকবেন। আমরাও উনার পাশে আছি।”
সেই সঙ্গে অভিনেতা নীল ভট্টাচার্য জানিয়েছেন, “যে মানুষকে দেখে বড় হয়েছি, যাঁর থেকে অনুপ্রেরণা পেয়েছি তাঁর পাশে থাকতে পারা বড়োই সম্মানের। স্বল্প দিনের অভিনয় জীবনে সব সময় দিদিকে পাশে পেয়েছি। আমি কৃতজ্ঞ দিদির কাছে যে উনি আমাদের সুযোগ দিয়েছেন।”

