আমাদের ভারত, ১ জানুয়ারি: রেকর্ড গড়ে বর্ষ বরণ করল গুজরাট। রাজ্যের ১০৮টি জায়গায় একসঙ্গে সূর্য নমস্কার করলেন চার হাজারের বেশি মানুষ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে এই উদ্যোগ। নতুন বছরের শুরুতে নিজের রাজ্যের নজির দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এই অভিনব উদ্যোগে অংশগ্রহণ করেছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। বিখ্যাত মোধেরা সূর্য মন্দির সহ মোট ১০৮টি জায়গায় সূর্য নমস্কারের আয়োজন করা হয়েছিল। ৫১টি বিভাগে সূর্য নমস্কারে অংশ নিয়েছিল চার হাজারেরও বেশি মানুষ। মধেরায় হাজির ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তৈরি হয় নতুন রেকর্ড। একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের সূর্য নমস্কারের রেকর্ড এর আগে কোনোদিন ছিল না। প্রথমবার তৈরি হয়েছে রেকর্ড। ইতিমধ্যে এই ঘটনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে গিনেস বুকের পক্ষ থেকে।
সূর্য নমস্কারে নজির গড়ে উচ্ছ্বসিত গুজরাট সরকার। গিনেস বুকে গুজরাটের নাম ওঠায় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অসাধারণ একটা নজির গড়ে ২০২৪-কে স্বাগত জানিয়েছে গুজরাট। একসঙ্গে ১০৮টি জায়গায় সর্বাধিক মানুষ সূর্য নমস্কার করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই উদ্যোগ। ১০৮ সংখ্যাটি আমাদের সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ। দেশবাসীকে অনুরোধ, আপনাদের দৈনন্দিন জীবনে সূর্য নমস্কার করুন অনেক উপকৃত হবেন।
২০২৪ সালের প্রথম দিনের সূর্য নমস্কারে অংশ নিয়েছিলেন বিভিন্ন মানুষ। পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ সকলে শামিল হয়েছিলেন এই উদ্যোগে। সূর্য নমস্কার করে রাজ্যের নাম গিনেস বুকে তুলেছেন তারা।

