জিটিএ প্রধান অনীত থাপা খোঁজ নিচ্ছেন প্রত্যন্ত এলাকায় গিয়ে, আশার আলো দেখছেন পাহাড়বাসী

আমাদের ভারত, দার্জিলিং, ১৮ জুলাই: ১৪ জুলাই জিটিএ প্রধান হিসেবে শপথ নিয়েছেন অনীত থাপা। ১৫ তারিখে জিটিএ’‌র সদর দপ্তর লালকুঠিতে দায়িত্ব বুঝে নিয়েছেন। তারপর থেকে আর বসে থাকেননি। রোজই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। যাচ্ছেন পাহাড়ের বিভিন্ন প্রান্তে। এদিনও লাটপাঞ্চার-‌সিটং সমষ্টি থেকে লোয়ার সিটং পরিদর্শন করেন। দেখা করেন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে। খোঁজ নেন এলাকার সমস্যার। এভাবে জিটিএ প্রধান নিজেই প্রত্যন্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নেওয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন পাহাড়ের মানুষ। স্থানীয়রা জানান, এতদিন পাহাড়ের সমস্যার কথা কেউ জানতে চাইতো না, আবেগের রাজনীতি হয়েছে। আসল কাজটাই হয়নি।

উল্লেখ্য, অনীত থাপা আসলে তৃণমূল স্তর থেকে উঠে আসা এক নেতা। অনীত কোনও তাত্ত্বিক নেতা নন। এখনও মাটির সঙ্গে যোগ আছে অনীতের। যা পাহাড়ের উন্নয়নের ক্ষেত্রে বাড়তি পাওনা। ফলে মানুষ এখন সেই আশাই করছেন। অনীত জানান,‘‌আমার এটা দায়িত্ব। বিভিন্ন এলাকার সমস্যার কথা জানা। আমি তাই নিজে কথা বলে সমস্যা জেনে নেওয়ার চেষ্টা করছি।’‌

অন্যদিকে শ্রাবণ মাস শুরু হয়েছে। এই মাসে ধর্মপ্রাণ মানুষ শিবভক্তিতে মেতে ওঠেন। অনেকে এই মাসকে পবিত্র মাস হিসেবে মনে করেন। অনীত থাপাও তাই মন্দিরে গিয়ে ভক্তদের শুভেচ্ছা জানান। বলেন, ‘‌আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা যেন কর্মগুলিকে সঠিকভাবে পরিচালিত করে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *