আমাদের ভারত, ১৩ এপ্রিল:এক্স ই ভেরিয়েন্ট নিয়ে নতুন আতঙ্ক তৈরি হলেও করোনার প্রকোপ অনেকটাই কমেছে। যদিও নতুন করে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। কদিন আগেও এই বিষয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এর মধ্যেই চিন্তা বাড়ানোর মতো ঘটনা উত্তরপ্রদেশের নয়ডায়। সেখানে তিন দিনে চারটি স্কুলের ২৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
সংক্রমণ রোধে স্কুল গুলিকে বন্ধ করে দিয়েছে প্রশাসন। দেশের সিংহভাগ স্কুল করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। সরকারি নির্দেশিকা পাওয়ার পর সম্প্রতি স্কুল খুলেছে। কিন্তু এরমধ্যেই একসঙ্গে এতজন পড়ুয়ার আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তিত স্কুল কর্তৃপক্ষ অভিভাবকেরা। গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিকেল অফিসার ডাক্তার সুনীল কুমার শর্মা জানিয়েছেন, কোভিড পরীক্ষার পর গতকাল নয়ডার খৈতান পাবলিক স্কুলের ১৩ জন পড়ুয়া করোনা সংক্রমিত বলে জানা গেছে। স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ডক্টর সমীর কুমার শর্মা বলেন ৪ টি স্কুলের ২৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। কিছু স্কুল নিজেরা এই খবর জানিয়েছে।
তিনি বলেন, “পড়ুয়াদের আক্রান্ত হওয়ার কথা জানতে পারার পরেই স্কুল বন্ধ রাখতে বলেছি আমরা। তবে আতঙ্কিত হতে বারণ করছি। আমরা পড়ুয়াদের বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছি, পরিবারের কেউ সংস্পর্শে এসে সংক্রমিত হচ্ছে কিনা। উপসর্গ থাকলে নমুনা পরীক্ষা করা হচ্ছে।”
দিন দুয়েক আগেই দেশের ১৮ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ চালু হয়েছে। সেইদিনই দেশবাসীকে সতর্ক থাকার নতুন করেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই সতর্কতার পরে ফের বাড়তে শুরু করেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যু। এর মধ্যেই নয়ডায় পড়ুয়াদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানা গেল।

