স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি: “গোটা বাংলাজুড়ে মমতা ব্যানার্জির আন্ডার কারেন্ট বইছে, সবুজ আবির খেলা হবে, দারুন খেলা হবে। ২০১৬ -র ফলাফলকেই এবারে ছাপিয়ে যাবে তৃণমূল। এই নির্বাচনটা বাংলার কাছে ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধে বাংলার মাটিই জিতবে। গুজরাট উত্তরপ্রদেশ থেকে যে বর্গীরা আসছে তারা এবার হারবে।”

“দিদির দ্যুত” অনুষ্ঠানে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় একটি পথসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন এলাকায় একটি পথসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ, রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কো-অর্ডিনেটর অরিন্দম সরকার সহ শীর্ষ নেতৃত্ব। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের মাঝে মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি তাঁর সৃষ্টি “খেলা হবে” গান করে কর্মীদের উদ্বুদ্ধ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেবাংশু জানান,”খেলা হবে” এই গান নিয়ে বিজেপির দিলীপ ঘোষেরা আতঙ্কিত হবেনই কারণ “চোরের মন বোঁচকার দিকে “। দিলীপবাবুরা সবসময় মেরে দেবেন, কেটে দেবেন বলেন। দিলীপ বাবুরা খেলা মানে অন্য কিছু ভাবেন।

দেবাংশুর কথায় “খেলা হবে” মানে মাঠে গিয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো প্রতিযোগিতা হবে, কিন্তু মাঠের বাইরে এলে আমরা একে অপরের আত্মীয়ের মতো। আমরা চাই রাজনীতির পরিবেশটাও এইরকম খেলার মতো হবে। কারও মধ্যে কোনও হিংসাত্মক মনোভাব থাকবেনা। সেইজন্যই আমরা বলছি, “খেলা হবে”। এবার বিধানসভা ভোটে ২১৮ থেকে ২২২ টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, তবে আমরা লক্ষ্যমাত্রা ২৫০ এর কাছাকাছি রেখেছি বলে জানান তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

