প্রতারকের ফাঁদে পড়ে রাতারাতি লাখপতি হওয়ার লোভ, ১৭ লক্ষ খুইয়ে মারিশদায় আত্মঘাতী প্রতারিত ব্যক্তি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জানুয়ারি: রাতারাতি লাখপতি হওয়ার লোভে ১৭ লক্ষ টাকা খুইয়ে আত্মঘাতী প্রতারিত ব্যক্তি। তদন্তে মারিশদা থানার পুলিশ।

রাতারাতি লাখোপতি হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত না হওয়ায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি। অনলাইন প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ওই ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার মশাগাঁ এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি শ্রীকান্ত ওঝা (৫৫)। ওই ব্যক্তির কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোট ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার মশাগাঁ’র বাসিন্দা শ্রীকান্ত ওঝা গত কয়েকদিন আগে লটারিতে ৪০ লক্ষ টাকা জিতেছেন বলে এক ব্যক্তি তাকে ফোন করে জানান। তারপরে লাখোপতি হওয়ার স্বপ্ন জাগে শ্রীকান্ত সহ তার পরিবারের সদস্যদের। ৪০ লক্ষ টাকা পাওয়ার আশায় এই ব্যক্তির কথা মত দফায় দফায় ১৭ লক্ষ টাকা পাঠিয়ে দেয় শ্রীকান্ত বলে দাবি তার পরিবারের। প্রতারক ব্যক্তির কথামতো টাকা যোগান দিতে এরপর শ্রীকান্ত জায়গা জমিও বিক্রি করে দেন। তারপরেও কোনো টাকা পায়নি শ্রীকান্ত। এরপরেই পরিবারের সদস্যদের গঞ্জনার মুখে পড়তে হয় শ্রীকান্তকে। শনিবার রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে চলে যান। রবিবার সকালে প্রতিবেশীরা দেখেন, বাড়ির পাশের গাছে নাইলন দড়ি থেকে ঝুলছে শ্রীকান্তের দেহ।

ঘটনার খবর পেয়ে হাজির হয় মারিশদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের সময় পকেট থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তারপরেই এই ঘটনা প্রকাশ্যে আসে। ওই প্রতারিত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *