রাজেন রায়, কলকাতা, ২৯ সেপ্টেম্বর: বৃষ্টির জেরে বাড়ি ভেঙ্গে দুর্ঘটনা উত্তর কলকাতায়। বুধবার সকালে আহিরীটোলা লেনে একটি দোতলা বাড়ির একাংশ ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে এক শিশুকন্যা সহ গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে আটকে পড়া শিশুকন্যা সহ মোট আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু হাসপাতালে জীবনযুদ্ধে হার মানল শিশু সৃজিতা ঘোড়ুই এবং তার ঠাকুমা চম্পা ঘোড়ুই। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একই পরিবারের আরও ২ জন।সুকান্ত ঘোড়ুই এবং অন্তঃসত্ত্বা গঙ্গা ঘোড়ুই এক কন্যাকে হারালেও এদিন হাসপাতালে আরও এক সন্তানের জন্ম দেন গঙ্গাদেবী।

ঘটনাস্থল পরিদর্শনে যান ফিরহাদ হাকিম, শশী পাঁজা, সুজিত বোস-সহ আরও অনেকে। ফিরহাদ হাকিম বলেন, “ভেঙ্গে পড়া বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। নোটিসও দেওয়া হয়েছিল। সেই নোটিস ছিঁড়ে ফেলে দেওয়া হয়। পুরসভার কর্মীরা বারবার বাসিন্দাদের বলেছেন। তবে তাঁরা উঠতে চাননি।” তিনি আরও জানালেন, বসবাসকারীরা নোটিস পাওয়ার পরই উঠে গেলে এমন বিপত্তি ঘটত না। আহিরীটোলার ১০ নম্বর স্ট্রিটের ওই দোতলা বাড়িটিকে এবার ভেঙ্গে ফেলা হবে। ওই বাড়ির বসবাসকারীদের প্রাথমিকভাবে ত্রিপল দেওয়া হবে। পরে চাইলে পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে।


