আমাদের ভারত, হাওড়া, ৬ সেপ্টেম্বর: এখনো অনেক শ্রমিক তাদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ করাননি। আগামী তিন মাসের মধ্যে বিশেষ শিবির করে এই কাজ সম্পন্ন করা হবে। সোমবার চেঙ্গাইলের লাডলো জুট মিলে মিলের শ্রমিকদের আধার কার্ড সংশোধন ও সংযুক্তিকরণের বিশেষ শিবিরের সূচনা করতে এসে এই কথা বলেন রাজ্যের শ্লম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না।
এদিন মন্ত্রী বলেন রাজ্যের ৬৯ টি জুট মিলে এই ধরনের শিবির করে শ্রমিকদের আধার সংশোধন ও সংযুক্তিকরণ করা হবে। তিনি বলেন, রাজ্যে চা, পাট, বিড়ি, হোসিয়ারি ও ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত প্রায় আড়াই লক্ষ শ্রমিকের আধার কার্ড সংযুক্তিকরণ করা হয়নি। আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উত্তরবঙ্গের চা বাগানগুলোতে এই ধরনের বিশেষ শিবির করে প্রথম পর্যায়ে ১৬ হাজার শ্রমিকের আধার সংশোধন ও সংযুক্তিকরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো শ্রমিকদের এই সুযোগ দেওয়া হবে।

