করোনায় প্রিয়জন হারিয়ে একা হয়ে যাওয়া মহিলা, প্রবীণ নাগরিক, অনাথ শিশুদের জন্য পদক্ষেপ করতে নির্দেশ কেন্দ্রের

আমাদের ভারত, ২১ মে:করোনা অতিমারীতে অনেক শিশু তার বাবা-মা দু’জনকেই হারিয়েছে কিংবা অনেক শিশু দু’জনের একজনকে হারিয়েছে। অনেক মহিলা তার স্বামীকে হারিয়েছেন। আবার অনেক বৃদ্ধ বাবা-মা তাদের একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়েছেন। এই পরিস্থিতিতে তাদের ভবিষ্যতের সুরক্ষা নিয়ে চিন্তা শুরু হয়েছে। এবার এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে পদক্ষেপ করতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা যুদ্ধে প্রিয়জন হারিয়ে একা হয়ে যাওয়া মহিলা, প্রবীণ নাগরিক, অনাথ শিশু সহ সামাজিক দুর্বল মানুষের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রক।

একই সাথে মন্ত্রক এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য নাগরিক সমাজকে ও আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে অনাথ শিশু, মহিলা, প্রবীণ নাগরিক, তপশিলি জাতি, তপশিলী উপজাতি ও পুলিশ কর্মীদের নিরাপত্তা অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

করোনার কারণে কত শিশু অনাথ হয়েছে সে সম্পর্কে কোনো সরকারি তথ্য নেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য সরকার অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকার ও দিল্লির কেজরিওয়াল সরকার জানিয়েছে পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুতে তাদেরকে আর্থিক সাহায্য করবে সরকার। এছাড়া যেসব পড়ুয়ার মা-বাবা কোভাডে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের শিশুদের পড়াশোনার ভারও নিয়েছে সরকার। কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সরকারও অনাথ হয়ে যাওয়া শিশুদের সুরক্ষার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

একই সঙ্গে এই সময় নারী ও শিশুদের ওপর নির্যাতন যাতে কোনভাবে না বেড়ে যায় সেজন্য মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক চালু করার কথা বলা হয়েছে রাজ্যগুলিকে। এমনকি তার জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *