আমাদের ভারত, ১৭ জুলাই: শনিবার হঠাৎই আবার দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যদিও এই আচমকা রাজধানী সফরের কারণ তিনি স্পষ্ট করেননি। কিন্তু দিল্লি রওনা হওয়ার আগে টুইটারে গীতার শ্লোক পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানে উল্লেখ করেছেন, কাজ করে যাও ফলের আশা করো না।
https://twitter.com/jdhankhar1/status/1416216066968145921?s=08
শনিবার সকালে বিমানে দিল্লি যান তিনি তবে, তার সফরসূচি অজানা। সাধারণত নিজের কর্মকাণ্ডের ইতিবৃত্ত টুইটারে দিয়ে যান রাজ্যপাল। কিন্তু এবারে দিল্লি সফর নিয়ে একটি শব্দ খরচা করেননি তিনি। বরং গীতার বাণী দিয়ে তিনি টুইট করেছেন। তিনি লিখেছেন,কাজ করে যাও ফলের আশা করো না, তোমার কাজের ফল তোমার উপভোগের বিষয় নয়। আর যখন তুমি কাজ করবে তখন নিজের অহংকার ও কাজের ব্যাপারে গর্ব করা ছেড়ে দাও।কখনো নিষ্ক্রিয় হয়ে থেকো না। রাজ্যপালের এই টুইট নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কিছুদিন আগে বিধান পরিষদ সহ একাধিক জরুরী বিষয় নিয়ে আলোচনা করতে আচমকাই রাজভবনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। দুঘন্টা কথা বলেন দুজনে। তাহলে কি সেই বৈঠকের সঙ্গেই রাজ্যপালের হঠাৎ দিল্লি সফরের কোনও যোগ আছে? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজভবন ও নবান্ন সঙ্ঘাত চরমে উঠেছে। নির্বাচনের পর থেকে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ দেগেছেন রাজ্যপাল। বারবার এই বিষয়ে দিল্লিতে গিয়েও অভিযোগ করে এসেছেন রাজ্যপাল। এদিকে বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সামনে এসেছে। ফলে সেই জল্পনাও আবার কয়েকগুণ বেড়েছে এই রাজধানী সফর ঘিরে।
অন্যদিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর চলতি মাসের দিল্লি যাওয়ার কথা জানিয়েছেন মমতা। শোনা যাচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে তিনি দিল্লি যেতে পারেন। সময় পেলে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। কিন্তু তার আগেই ধনখড়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

