জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ ডিসেম্বর: বিএসএফ প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য বলে উল্লেখ করলেন মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি বলেন, বিএসএফ যদি সীমান্ত না দেখে রাজ্যের মধ্যে ঢুকে আইন শৃংখলায় নাক গলায় তবে তা সংবিধানের পাশাপাশি দেশের ও রাজ্যের মানুষের বিপদ। রাজ্যের মুখ্যমন্ত্রীও সেকথাই বার বার বলতে চেয়েছেন।
বিএসএফ, সিআইএসএফের নামের মধ্যেই ভূমিকা ও কাজের উল্লেখ রয়েছে। তা না করে তারা যদি অন্য কাজ করে সেটা মানায় না। এতে সমস্যা হবে।
বিএসএফ নিয়ে রাজ্যপালের করা টুইট নিয়ে মানসবাবু তাঁর দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক জীবনের উদাহরণ টেনে বলেন, ৩৪ বছর ধরে বামফ্রন্টের মোকাবিলা করেছেন, ১১ বছর ধরে জাতীয়তাবাদী সরকারের সঙ্গে রয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে সংবিধানের পাতা উল্টে উল্টে পড়েছেন, কত রাজ্যপাল দেখলেন কিন্তু এমন রাজ্যপাল তিনি কোনওদিন দেখেননি এবং রাজ্যপালের এমন কর্মকাণ্ডের কথাও তিনি শোনেননি।
সংবিধান রাজ্যপালকে সাংবিধানিক প্রধান করেছে। কিন্তু রাজ্য সরকারের প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের কর্তব্য সবসময়ই তাঁর সঙ্গে আলোচনা করা সহযোগিতা করা। তা না করে উনি যা করছেন তা পরিতাপের, বেদনার, হতাশার এবং দুঃখের।

