আমাদের ভারত, ১০ জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠে এসেছে। মনোনয়ন ঘিরে প্রথম দিনে অব্যবস্থার অভিযোগ উঠেছে। বিরোধীরা মনোনয়নে বাধার অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। তার মধ্যেই আজ রাজ্যপালের তলবে বৈঠকে করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
এদিকে আজ রাজ্যপালের সাথে দেখা করতে গিয়েছিল বঙ্গ বিজেপির প্রতিনিধি দল। তারপরই কার্যত রাজ্য নির্বাচন কমিশন রাজীব সিনহাকে রাজভবনে তলব করেন রাজ্যপাল।
মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তির অভিযোগ, কিছুটা নড়েচড়ে বসেছে কমিশনও। ডোমজুড়, খড়গ্রাম সহ একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে এসেছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কেন প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না তা জানতে চেয়েছে কমিশন। আর এসবের মধ্যেই রাজ্যপাল নিজে বিশদে জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠান।
জানাগেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তি হয়েছে তাতে রাজ্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ করেছে তা রাজীব সিনহার কাছে খোঁজ খবর নেন রাজ্যপাল।
অন্যদিকে গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালকে চিঠি লিখেছেন খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে। সেই বিষয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে পঞ্চায়েত ভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয় তা নিয়েও আর্জি জানিয়েছেন অধীর চৌধুরী।
আজ রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যপালের আলোচনায় অধীর চৌধুরীর চিঠির প্রসঙ্গ উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।
৪৫ মিনিট রাজভবনে রাজ্যপালের সঙ্গে রাজীব সিনহার বৈঠক হয়। এরপর রাজ্যপাল জানিয়েছেন, “পঞ্চায়েত নির্বাচনে কোনরকম গন্ডগোল বরদাস্ত হবে না। নির্বাচন কমিশনারের সাথে আমার কথা হয়েছে। অবাধ শান্তিপূর্ণ ভোটের কথা জানিয়েছি। কোনো অশান্তি বরদাস্ত করা হবে না।”

