সরকারি আধিকারিকদের রাজনীতি করা উচিত নয়: রাজ্যপাল

আমাদের ভারত, হাওড়া, ৯ ফেব্রুয়ারি: রাজ্যপাল রাজনীতি করেন না। রাজনীতির সঙ্গে রাজ্যপালের যেমন কোনও সম্পর্ক নেই, সেই রকম সরকারি আধিকারিকদেরও রাজনীতি করা উচিত নয়। তবে যদি কেউ করে থাকেন তাহলে তিনি অপরাধ করছেন। মঙ্গলবার উদয়নারায়ণপুরের ভবানীপুরে ফ্রেন্ডস সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়।

এদিন রাজ্যপাল বলেন, দুনিয়ার সব থেকে বড় লোকতন্ত্রে সবথেকে শক্তিশালী ব্যক্তিরও কাউকে ভয় দেখানোর কোনো অধিকার নেই। তবে যদি কেউ করে থাকেন আমি অনুরোধ করব এটা করবেন না। এদিনের সভা থেকে রাজ্যপাল জাগদীপ ধনকড় সকলকে আশ্বস্ত করে বলেন, আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভাই রাজভবনে বসে আছে। রাজ্যপাল বলেন ২০১৮ সালের নির্বাচনে গ্রামীণ এলাকায় তাণ্ডব নৃত্য হয়েছিল, এবার সেটা হতে দেওয়া হবে না। যারা ভাবছে এইসব করবে, সাবধান ওই সব দিন চলে গেছে। জগদীপ ধনকড় বলেন, আপনারা কী করবেন আমি বলব না, তবে একটাই কথা বলব নির্ভয়ে ভোট দিন। তিনি বলেন কোভিড মোকাবিলা আমাদের একটা মানসিক পরীক্ষা ছিল। আমাদের দেশে এমন একজন নেতা পেয়েছি যিনি জনতার সঙ্গে একত্রিত হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এদিনের এই সভা মঞ্চ থেকে রাজ্যপাল জাগদীপ ধনকড় ফ্রেন্ড সোসাইটিকে ১১ লক্ষ টাকা দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *