পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: রাজ্য যদি কেন্দ্রীয় প্রকল্পের কার্যসমাপ্তির প্রতিবেদন পাঠায় তাহলে রাজ্যের যা যা পাওনা রয়েছে তা অবশ্যই দেওয়া হবে। রবিবার দলীয় কর্মসূচিতে মেদিনীপুরে এসে সাংবাদিকদের একথা বলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বলেন, এই নিয়ম সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য। ভারত সরকার কোনো রাজ্যের প্রতি বৈষম্য করে না। কোভিডের সময় যখন জিএসটি সংগ্রহ করা হয়নি, ভারত সরকার বাজার থেকে ঋণ নিয়ে রাজ্যগুলিকে সাহায্য করেছিল। ভারত সরকারের প্রতি অভিযোগ ভিত্তিহীন। সব রাজ্যকে নিয়ম মেনে চলতে হবে।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিরোধীদের ইন্ডিয়া জোট সম্পর্কে বলেন, যে জোট গড়ে উঠছে তা কখনই সফল হবে না। কারণ এই জোটের সবাই তাদের পরিবারবাদ এবং বংশধরদের এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা দুর্নীতির কথা বলছে তাদের বিরুদ্ধে মারাত্মক সব মামলা চলছে। তিনি বলেন, জোটের নেতাদের কোনো নীতি নেই, কোনো নেতা নেই, তাই তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ সঙ্কটে।

