আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: চলতি বছরেই রাজ্যে তৃণমূল সরকার পড়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যেতে পারেন। তৃণমূল সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমনই বিস্ফোরক ভবিষ্যতবাণী করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির প্রাক পূজা সম্মিলনীতে মিঠুনের সঙ্গে এদিন চুঁচুড়ায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক দাবি করেছেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি বলেন, বিজেপি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার রাজনীতি করে না। কিন্তু রোজ চোখের সামনে যা দেখা যাচ্ছে যেভাবে রোজ বিভিন্ন জায়গা থেকে প্রচুর টাকা উদ্ধার হচ্ছে আর তাতে একের পর এক তৃণমূল নেতা ও মন্ত্রীর নাম জড়াচ্ছে তাতে একটা সময়ের পর দেখা যাবে তৃণমূলের খুব কম মন্ত্রী জেলের বাইরে রয়েছেন। সব মন্ত্রীরাই জেলে থাকলে সরকার চলবে কি করে?
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবার সম্ভাবনার কথা জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, অনুমান বলছে ডিসেম্বরের মধ্যে অধিকাংশ মন্ত্রী জেলে থাকবেন। এমনকি মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হতে পারে। আর সেটা হলে এই সরকার পড়ে যাবেই। কারণ মমতা ছাড়া এই সরকার কেউ চালাতে পারবে না।
এর পাল্টা দিতে গিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যদি সিবিআই ইডিডি দিয়ে সরকার বদল হয়, তবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী এসব পদে তদন্তকারী সংস্থার লোকেদের বসানো হোক না।”

