সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জানুয়ারি: বাঁকুড়া কালেক্টরটে রি এমপ্লয়ি কর্মচারী নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বাঁকুড়া কালেক্টরটে ১০০জন রি- এমপ্লয়ি কর্মচারী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে সরকারি কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, সারা রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে তিন লক্ষাধিক পদ শূন্য পড়ে রয়েছে। চাকরির জন্য বেকারদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। অথচ ওই শূন্য পদে নিয়োগ করা হচ্ছে না।উপরন্তু রি এমপ্লয়মেন্ট করে বেকারদের বঞ্চিত করা হচ্ছে। অপরদিকে রি এমপ্লয়মেন্ট, এর পর তাদের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তিনি বলেন, সরকারি কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবি জানাচ্ছি।

