শুক্রবার থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করতে চালু করা হবে বিশেষ পোর্টাল

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট:
শুক্রবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে চলবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। এবার দুয়ারে সরকারের ক্যাম্পে বিশেষ ভাবে জোর দেওয়া হবে বার্ধক্য ভাতা প্রদানে, উদ্যম পোর্টালের মাধ্যমে নতুন উদ্যোগপতিদের রেজিস্ট্রেশন, জল প্রকল্প ও পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের ওপর। এর আগে মোট ৩৫টি বিষয়ের পরিষেবা প্রদান করা হতো, তবে সেপ্টেম্বর মাসে চালু হওয়া দুয়ারে সরকারের ক্যাম্পে অতিরিক্ত চারটি পরিষেবা প্রদান করা হবে।

মূলতঃ, রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গেলে সরকারের কাছে সেই সব পরিযায়ী শ্রমিকদের কোনো তথ্য থাকে না। শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লে রাজ্য সরকারের কাছে সেই শ্রমিকদের কোনো তথ্য থাকে না। তাই সেই পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করতে ও তাদের পাশে দাঁড়াতে দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করা হবে।

পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে মৃত্যু হলে রাজ্য সরকার ইতিমধ্যেই ৫০০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান ও দুর্ঘটনায় মৃত্যু হলে ২লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সেই আর্থিক সহায়তা পরিযায়ী শ্রমিকদের সঠিকভাবে পৌঁছে দিতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, উদ্যম পোর্টালের মাধ্যমে নতুন উদ্যোগপতিদের নাম নথিভুক্ত করে তাদের সাহায্যে এগিয়ে আসবে রাজ্য সরকার।

উল্লেখ্য, ২০২০ সালে প্রথম দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এর পর পরিষেবা প্রদানে ব্যাপক সাফল্য লাভ করেছে রাজ্য সরকার। তবে বার্ধক্য ভাতা প্রদানের ক্ষেত্রে বহু আবেদন এখনও জমা রয়েছে। সেই আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি করার কাজ শুরুর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *