সাথী দাস, পুরুলিয়া, ২৬ নভেম্বর: ভবঘুরেদের জন্য আবাসন গড়ে তোলা হল পুরুলিয়া শহরে। পুরুলিয়া পৌরসভার উদ্যোগে এবং ‘আরবান লাইভলিহুড মিশনে’র সহায়তায় তিন তলা এই ভবনটি গড়ে তোলা হয়েছে। আজ এই ভবনের উদ্বোধন করেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা।

পুরুলিয়া শহরের গৃহহীন এবং ভবঘুরেদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া পৌরসভা। এই সংস্থার উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের জাতীয় নগর জীবিকা মিশনের অর্থ সাহায্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পুরুলিয়া শহরের ধবঘাটা এলাকায় ত্রিতল এই ভবন গড়ে তোলা হয়েছে। ৫০ জন আবাসিকের এখানে শয়ন এবং আহারের ব্যবস্থা রাখা হয়েছে। করা হয়েছে উন্নতমানের শৌচাগারও।

এই উদ্যোগ প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী বলেন, “বহু মানুষ নানান সমস্যায় পড়ে আশ্রয় হারা হয়ে যায়। সম্পূর্ণ বিনামূল্যে তারা এখানে থাকতে পারবেন। মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা এই আশ্রয় স্থলের উপযুক্ত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন পুরসভাকে। শীত বাড়ার আগেই নতুন এই আবাসন ভবঘুরেদের সুরক্ষিত স্থান হয়ে উঠবে বলে আশাবাদী পুরসভা।

