স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মে: কালিয়াগঞ্জে গুলিতে নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ৩ দিনের মধ্যেই চাকরির নিয়োগ পত্র পাবেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী। শুভেন্দু অধিকারী এদিন পুত্রহারা অসীম দেবশর্মাকেও আর্থিক সাহায্য তুলে দেন। এছাড়াও ভারত সেবাশ্রম কর্তৃপক্ষকেও স্বর্গরথ কেনার জন্য আর্থিক সাহায্য তুলে দেন।
শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ঝটিকা সফরে আসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে তিনি প্রথমে যান কুনোর ভারত সেবাশ্রমে। আশ্রমের স্বামী প্রনবানন্দ মহারাজজীর মন্দিরে পুজোও দেন। এরপর আশ্রমের স্বামীজিদের সাথে কথা বলেন তিনি৷ সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ায় সদ্য পুত্রহারা অসীম দেবশর্মাও। যিনি টাকার অভাবে অ্যাম্বুলেন্স যোগাড় করতে না পেরে ব্যাগের ভেতর ভরে ৬ মাসের ছেলের মৃতদেহ বাসে করে বাড়ি নিয়ে আসেন। এদিন অসীম দেবশর্মাকে আর্থিক সহযোগিতা করেন বিরোধী দলনেতা। পাশাপাশি কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রমকে ১২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেন শুভেন্দু অধিকারী। স্বর্গরথ ক্রয় করার উদ্দেশ্যেই এই আর্থিক অনুদান প্রদান করা হয় এদিন। মূলত মৃতদেহ বহনে বিনামূল্যে আশ্রমের তরফে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই অনুদান দেওয়া হয় বলে জানা গিয়েছে৷
অন্যদিকে এদিন ভারত সেবাশ্রমের স্বামীজীদের সঙ্গেই শুভেন্দু অধিকারী যান কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় মৃত নাবালিকার বাড়িতে। সেখানে নাবালিকার সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করার পাশাপাশি শোকার্ত পরিবারকে তিনি সমবেদনা জানান। এরপর সেখান থেকে রাধিকাপুরের চাঁদগাঁও গ্রামে গুলিতে মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মণের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারকে সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তিন দিনের মধ্যেই চাকরির নিয়োগপত্র পাবেন মৃত মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরি বর্মন।

